দিনদুপুরে নওগাঁয় ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে গুরুতর আহত করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত দুই ব্যাংক কর্মকর্তা হলেন—আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, অন্যান্য দিনের মতো আজও দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন ওই দুই কর্মকর্তা। এর সঙ্গে প্রতিষ্ঠানের আরও ৪ লাখ টাকা যুক্ত করে মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে ভরে তারা মোটরসাইকেলযোগে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, পথিমধ্যে দুপুর নাগাদ তারা আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশের টাওয়ার এলাকায় পৌঁছালে সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত চার ছিনতাইকারী তাদের পথরোধ করে। এ সময় ছিনতাইকারীরা অতর্কিতভাবে লোহার রড দিয়ে ব্যাংক কর্মকর্তাদের এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের জোরদার অভিযান চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: