পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আইকনিক পরিবহনের স্লিপার বাস, আহত ৬
পটুয়াখালী-কুয়াকাটায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস খাদে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী আইকনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) দ্রুতগতির বাসটি সকালে খলীলপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং চালকের অসাবধানতা ও ঘুমে ঢলে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে।
ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: