• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম;
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. আতিক (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালী সদর উপজেলার দলুগাজীর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আতিক পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা এলাকার মাওলানা আশরাফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন স্থানীয় ডিলারশিপ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আতিক মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দলুগাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘সিকদার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইক থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পটুয়াখালী সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। এই দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটি ও এর চালককে শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন