• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

পঞ্চগড়ে বিজ্ঞান মেলার উদ্বোধন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫২ পিএম;
পঞ্চগড়ে বিজ্ঞান মেলার উদ্বোধন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রকল্পগুলো প্রত্যক্ষ করেন। এসময় তিনি শিক্ষার্থীদের সাথে তাদের উদ্ভাবন নিয়ে কথা বলেন এবং মেধার বিকাশে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। মেলার উদ্বোধন শেষে একই মঞ্চে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

পরবর্তীতে, সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বোদা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে ত্রাণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ টাকা, চাল ও শুকনো খাবার বিতরণ করেন প্রধান অতিথি। ত্রাণ বিতরণ শেষে তিনি উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন