কলাপাড়ায় "বিশ্ব নদী দিবস-২০২৬" পালন
বিশ্ব নদী দিবস-২০২৬: কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিবেদক :
‘নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ধরার আঞ্চলিক সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জী, গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম মিরাজ, তানজিল জামান জয়, নাজমুস সাকিব এবং পরিবেশ সংগঠক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় এই অঞ্চলে নদী ঘেঁষে নির্মিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এছাড়া সারা দেশের নদীর মতো আন্ধারমানিক নদীরও সঠিক সীমানা নির্ধারণ, দখল ও দূষণ রোধ এবং নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ ইটভাটা অপসারণের জোরালো দাবি জানান তারা।
নদী রক্ষায় বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে বক্তারা বলেন, নদীর সংক্ষিপ্ত পরিচিতি ও ইতিহাস সংবলিত সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করতে হবে এবং নদী দখলদারদের তালিকা প্রকাশ করতে হবে। আন্ধারমানিক নদী একটি গুরুত্বপূর্ণ ইলিশের অভয়াশ্রম উল্লেখ করে এর নাব্যতা ও স্বাভাবিক পানির প্রবাহ বজায় রাখতে সব ধরনের মানবসৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানানো হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: