আলফাডাঙ্গায় আলোচিত রবিউল হত্যা মামলার আসামি মারুফ গ্রেপ্তার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের আলোচিত রবিউল ইসলাম শেখ ওরফে পাইচো (৫৫) হত্যা মামলার অন্যতম আসামি মারুফ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় যশোরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের নেপথ্য ও বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের গ্রাম্য বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রবিউল টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে এবং তিনি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন। কিছুদিন আগে চায়ের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রবিউল ও তার সঙ্গীদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়।
আড়াই মাসের ব্যবধানে চাচা-ভাতিজা খুন
এর আগে গত ২৬ জুন একই ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া গ্রামে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় রবিউলের ভাতিজা, কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র সুমন শেখকে (২৪) কুপিয়ে হত্যা করা হয়। মাত্র আড়াই মাসের ব্যবধানে একই বিরোধের জেরে চাচা ও ভাতিজা নিহত হওয়ায় বড়ভাগ গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় নতুন করে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সুমন হত্যা মামলার কয়েকজন আসামি জামিনে মুক্ত হলেও রবিউল হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের বক্তব্য
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার জানান, গোপন তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অভিযান চালিয়ে আসামি মারুফ শেখকে যশোর থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ও মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: