• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

অটোরিকশা চালকের সাহসিকতায় ৩ ছিনতাইকারী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৯ পিএম;
অটোরিকশা চালকের সাহসিকতায় ৩ ছিনতাইকারী আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অটোরিকশা চালকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, আজিমনগর ইউনিয়নের পুলিয়া গ্রামের মেহেদী আকন্দ (২৪), সলিলদিয়া গ্রামের তামিম মাতুব্বর (২২) এবং একই এলাকার বায়েজিদ তালুকদার (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালপাশা গ্রামের অটোরিকশা চালক সাগর মাতুব্বর (১৯) শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে মালিগ্রাম বাজার স্ট্যান্ড থেকে যাত্রী তোলেন। এ সময় অভিযুক্ত তিন ছিনতাইকারী যাত্রী সেজে অটোরিকশায় ওঠে এবং পুলিয়া যাওয়ার কথা বলে।
পরে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে পৌঁছালে তারা চালকের গলায় চাকু ধরে এবং ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে চালকের কাছ থেকে নগদ ১ হাজার ২৩০ টাকা এবং প্রায় ৬ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে ভাঙ্গা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মেহেদী আকন্দকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য দুই সহযোগীকেও আটক করতে সমর্থ হয় পুলিশ। 
গ্রেফতারের সময় মেহেদীর কাছ থেকে একটি চাকু এবং তার দেখানো মতে ঘরের খাটের তোষকের নিচ থেকে আরও দুটি ছোরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় শনিবার (২৮ মার্চ) ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন