পঞ্চগড়ে ভাইরাল পকেটমার 'নিতাই আনোয়ার' গ্রেপ্তার
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি,
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া পঞ্চগড়ের বোদা পৌর মার্কেটের পকেটমার কাণ্ডের প্রধান অভিযুক্ত মো. আনোয়ার হোসেন ওরফে নিতাই আনোয়ারকে (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। রোববার (১৫ মার্চ) বিকেলে জেলার দেবীগঞ্জ পৌরসভার সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন দেবীগঞ্জ পৌরসভার চিড়াকুটি এলাকার মৃত হিমায়েদ আলীর ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুক্তভোগীর লুন্ঠিত ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্র জানায়, গত ১১ মার্চ ভুক্তভোগী মো. হবিবর রহমান তার পরিবার নিয়ে বোদা পৌর মার্কেটে ঈদের কেনাকাটা করতে যান। একটি দোকানে কাপড় দেখার সময় ভিড়ের সুযোগ নিয়ে আনোয়ার কৌশলে হবিবরের পাঞ্জাবির পকেট থেকে ঈদের কেনাকাটার জন্য রাখা ১৩ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। কেনাকাটার মূহুর্তে টাকা হারিয়ে যাওয়ায় ওই পরিবারের ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়।
ঘটনাটি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানাজানি হলে এবং সিসিটিভি ফুটেজ বা সংশ্লিষ্ট চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাধারণ মানুষ দ্রুত এই পকেটমারকে গ্রেপ্তারের দাবি জানান। বিষয়টি র্যাবের নজরে এলে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।
র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুর ৩টা ১০ মিনিটে দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই অভিযুক্ত 'নিতাই আনোয়ার'কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে জনসমাগমপূর্ণ মার্কেট ও ভিড়ের মধ্যে পকেটমারির সাথে জড়িত। ক্রেতারা যখন কেনাকাটায় ব্যস্ত থাকে, তখনই সে সুকৌশলে মোবাইল বা মানিব্যাগ হাতিয়ে নিত।
র্যাব জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেনাকাটা নির্বিঘ্ন করতে তাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে র্যাব সদস্যরা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- পঞ্চগড়ে* ভাইরাল,পকেটমার
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: