• ঢাকা
  • সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে, গাছের চারা বিতরণ 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৪ পিএম;
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে, গাছের চারা বিতরণ 

খাজা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি :

 

“বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো”—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার শিবরাম আদর্শ পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তবে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতের লেখা দেখে আবেগাপ্লুত হয়েছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ। শিক্ষার্থীদের লেখাপড়া ও বিদ্যালয়ের পরিবেশ দেখে তিনি প্রশংসা করেন।

সোমবার বিকেলে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ, সাংবাদিক হারুন উর রশিদ, প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম রাশেদ, সবুজ সেবার প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, আজহারুল ইসলাম, জামিনুর ইসলাম জয়, হাসানুজ্জামান হৃদয়, আতিক সারমিনসহ অনেকে।

কর্মসূচি চলাকালে বিদ্যালয়ে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ২য় পত্র পরীক্ষা চলছিল। এ সময় ওসি সাদ আহমেদ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। তিনি পরীক্ষার্থীদের খাতা ও হাতের লেখা মনোযোগ দিয়ে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

শিক্ষার্থীদের সুন্দর ও পরিপাটি হাতের লেখা দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, “আমি যদি শিশু হতাম, তাহলে এই স্কুলে আবারও ভর্তি হতাম।”

ওসির এমন মন্তব্যে শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত সবাই আনন্দিত হন। পরে তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহিত করেন।

বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষ ও লেখাপড়ার বিষয়ে খোঁজ নেন। শিক্ষার্থীদের এমন সুন্দর হাতের লেখা ও পরীক্ষায় মনোযোগ দেখে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসাও করেন তিনি।

পরে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে তাদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এসব চারা গ্রহণ করে। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা বলেন, শুধু গাছ লাগানো নয়, গাছের পরিচর্যার প্রতিও শিক্ষার্থীদের দায়িত্বশীল করে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এ সময় উপস্থিত অতিথিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন