নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি
মো.নাফিউর রহমান, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলায় চোর সন্দেহে এক অজ্ঞাত যুবককে হাত-পা বেঁধে বেদম মারধরের ঘটনা ঘটেছে। এতে ওই যুবক গুরুতর আহত হয়ে বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চৌমাশিয়ামোড় বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দু’জন ব্যবসায়ী মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার চৌমাশিয়ামোড় বাজারে জনৈক নূর মোহাম্মদের ধান চাতালের একটি গোডাউন ভাড়া নিয়ে বিভিন্ন পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছেন। ঘটনার রাতে ব্যবসায়ীরা গোডাউনের দরজায় তালা লাগিয়ে বাজারের অন্য কাজে যান। পরে রাতে ফিরে তারা দেখতে পান গোডাউনের তালা খোলা এবং ভেতর থেকে ছিটকিনি আটকানো।
সন্দেহ হলে ব্যবসায়ীরা তাদের এক সহযোগীকে ডেকে দরজা খোলেন এবং ভেতর থেকে এক অজ্ঞাত যুবককে হাতেনাতে ধরে ফেলেন। এরপর মার্কেটের পেছনে ধান চাতালের একটি নির্জন গোডাউনে নিয়ে চোর সন্দেহে তাকে বেঁধে বেদম মারধর করা হয়। মারধরের একপর্যায়ে ওই যুবকের শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়লে তারা বিষয়টি বাজারের নৈশপ্রহরী ও স্থানীয়দের জানান। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে যুবকটিকে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে নওহাটা পুলিশ ফাঁড়ির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতিতেই গুরুতর আহত ওই যুবককে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: