দীর্ঘদিন চেষ্টার পর জেলের জালে ২৫ কেজির বিশাল কোরাল, বিক্রি হলো ২০ হাজারে
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী চ্যানেলে খায়রুল আমিন (২৮) নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। দীর্ঘদিনের চেষ্টার পর এমন বড় মাছ পেয়ে বেশ আনন্দিত ওই জেলে।
স্থানীয় জেলে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট মহেশখালী ইউনিয়নের জেলে খায়রুল আমিন দীর্ঘদিন ধরে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছেন। আশপাশের জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়লেও এতদিন তার জালে কাঙ্ক্ষিত বড় কোনো মাছ ধরা পড়েনি। তবে বড় মাছ পাওয়ার আশা কখনোই ছাড়েননি তিনি।
গত রোববার (গতকাল) রাত ৩টার দিকে নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে বের হন খায়রুল আমিন। পরে মহেশখালী চ্যানেলের শাপলাপুর বারিয়াপাড়াসংলগ্ন এলাকায় জাল পাতেন তিনি। এরপর সোমবার ভোরে জালটি তুলতে গিয়ে দেখেন, তাতে আটকে রয়েছে একটি বিশাল আকৃতির কোরাল মাছ।
বিশাল আকৃতির এই মাছটি নিয়ে ঘাটে ফেরার সঙ্গে সঙ্গে তা দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে সকালে মাছটি গোরকঘাটা বাজারে নিয়ে যাওয়া হলে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে তা ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।
নিজের অনুভূতি প্রকাশ করে জেলে খায়রুল আমিন বলেন, ‘গভীর রাতে মাছ ধরতে বের হয়েছিলাম। মহেশখালী চ্যানেলের বারিয়াপাড়া এলাকায় ভাগ্যক্রমে আমার জালে মাছটি ধরা পড়ে। অতীতে এই চ্যানেলে অন্য জেলেদের বড় মাছ পাওয়ার কথা শুনেছি, তবে আজ নিজেই পেলাম। বিশাল আকৃতির এই কোরাল মাছটি পেয়ে সত্যিই খুব ভালো লাগছে।’
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: