বলেশ্বর নদে বিশাল আকৃতির কুমির, জেলে ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক
লিটু, শরণখোলা (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলায় প্রমত্তা বলেশ্বর নদে বিশাল আকৃতির একটি কুমিরের দেখা মিলেছে। হঠাৎ করে নদে কুমিরের এমন বিচরণে নদীপাড়ের বাসিন্দা এবং মাছ শিকারী জেলেদের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বাবলাতলা ও গাবতলা এলাকায় কুমিরটি দেখতে পান স্থানীয়রা। নদে কুমির ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়লে এক নজর তা দেখতে নদীর তীরে ভিড় জমান শত শত উৎসুক মানুষ। এ সময় অনেকে মুঠোফোনে কুমিরের ডুব-সাঁতারের দৃশ্য ধারণ করেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা রাজু হাওলাদার ও আনোয়ার খলিফা জানান, কুমিরটি প্রথমে দক্ষিণ সাউথখালীর বাবলাতলা এলাকার বেড়িবাঁধসংলগ্ন বলেশ্বর নদে ভেসে ওঠে। এরপর কিছু সময় পরপর ডুব দিয়ে পিঠ ও মাথা ভাসিয়ে সাঁতার কাটতে কাটতে প্রায় আধা কিলোমিটার দূরে গাবতলা এলাকার দিকে চলে যায়। পরবর্তীতে সেটি নদীর মাঝের দিকে গিয়ে গভীর পানিতে অদৃশ্য হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, কুমিরটির দৈর্ঘ্য অন্তত ১০ থেকে ১২ ফুট হবে। স্থানীয়দের অনেকেই জানান, এর আগে বলেশ্বর নদে এত বড় কোনো কুমির তাঁরা কখনো দেখেননি।
এ বিষয়ে বন বিভাগ জানায়, সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় বলেশ্বর নদে কুমিরের বিচরণ অস্বাভাবিক কিছু নয়। বন বিভাগের ধারণা অনুযায়ী, কুমিরটির দৈর্ঘ্য প্রায় ১২ থেকে ১৩ ফুট হতে পারে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: