গলাচিপায় গভীর রাতে জানালার গ্রিল কেটে লুটপাট, স্প্রে করে অচেতন পরিবারের সদস্যরা
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডে আব্দুল সালাম মল্লিকের বাড়িতে গভীর রাতে লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের তিনজন অসুস্থ হয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যদের দাবি, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ৬ থেকে ৮ জন বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরিবারের মেজো ছেলে মো. জাহিদুর রহমান জানান, রাতে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান পরিবারের সবাই অচেতন অবস্থায় শুয়ে আছেন। পরে তাৎক্ষণিকভাবে তাদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আব্দুল সালাম মল্লিক, তার স্ত্রী রওশনারা বেগম এবং পুত্রবধূ শিমুল আক্তার চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি, বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রের কিছুই পাওয়া যাচ্ছে না। তবে ঠিক কী পরিমাণ টাকা, স্বর্ণালংকার বা অন্যান্য মালামাল গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা ঘরের মালামাল খুঁজে দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা করছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লুটপাটের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: