• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কৃষক বা ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গী দেখা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৭ পিএম;
কৃষক বা ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গী দেখা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী 

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গী বা ধর্ম-বর্ণ বিবেচনা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি স্পষ্ট করেছেন যে, প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই সুবিধার আওতায় আসবেন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। কার্ড বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমি নিজেও জানি না কারা এই কার্ড পাবেন। আমাদের কৃষি মন্ত্রণালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কারা কোন ক্যাটাগরিতে এই কার্ড পাওয়ার যোগ্য।”

বক্তব্যে প্রতিমন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ড প্রদান করা সরকারের লক্ষ্য। তিনি বলেন, “বাংলাদেশের চার কোটি পরিবারের প্রত্যেকটি পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ইতোমধ্যে এর উদ্বোধন হয়েছে। আগামী দুই-আড়াই মাসের মধ্যে সারা বাংলাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।”

সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ যেমন কোনো দল বা ধর্ম বুঝে আঘাত হানে না, তেমনি সরকারের ত্রাণ সহায়তাও দল-মত নির্বিশেষে সকলের জন্য। তিনি নির্দেশ দেন যেন কোনো দলীয় দৃষ্টিভঙ্গী থেকে কাউকে বিচার না করা হয় এবং কেবল ক্ষতিগ্রস্ত ও যোগ্য মানুষরাই যেন সরকারি সহায়তা পান।

এদিন প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা ও শুকনো খাবার, ১৩০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা এবং ৪৩০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ১৫ কেজি করে চাল প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন