• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: চার বসতঘর পুড়ে ছাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৫ পিএম;
পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: চার বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

 


পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজবাগ এলাকায় আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে প্যাদা বাড়ির পেছনের একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করেই ওই এলাকার একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভায়বহ রূপ নেয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সময়োপযোগী ও দ্রুত পদক্ষেপে আগুন আশপাশের অন্যান্য ঘনবসতিপূর্ণ ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে এলাকাকে রক্ষা করেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন খাদিজা বেগম, মনিরা বেগম, মশিউর রহমান ও মোশারফ মেধ্যা। এই আকস্মিক অগ্নিকাণ্ডে তাদের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এসব ঘরের জমির মালিক এনামুল হক।

এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রাজিব দেওয়ান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডের প্রকৃত সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন