• ঢাকা
  • সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‎মহিপুরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪১ পিএম;
‎মহিপুরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুট

পটুয়াখালীর মহিপুর থানার কাউয়ারচর এলাকায় একটি মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। বিবাদীদের বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মোসাঃ মমতাজ বেগম (৫০) সহ অন্তত চারজন নারী-পুরুষ। হামলাকারীরা মমতাজ বেগমের কান থেকে প্রায় এক লক্ষ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

‎ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউয়ারচর এলাকার বাসিন্দা মোসাঃ মমতাজ বেগমের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার মোঃ আলমগীর ভূইয়া ও তার সহযোগীদের বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, বিবাদীরা দীর্ঘদিন ধরে মমতাজ বেগমের ভোগদখলীয় মাছের ঘেরটি দখলের পাঁয়তারা করছিল।
‎আজ (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে আলমগীর ভূইয়া, মনির খান ও মোস্তফাসহ প্রায় ১৩ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘেরের জাল উত্তোলন করে তা দখলের চেষ্টা চালায়। এসময় মমতাজ বেগম এবং স্থানীয় কয়েকজন সাক্ষী বাধা প্রদান করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদীরা মমতাজ বেগমকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম করে। তাকে বাঁচাতে সুমাইয়া, সুফিয়া ও পাখি বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং তাদের পিটিয়ে আহত করে। হামলার একপর্যায়ে ১০নং বিবাদী নজরুল মমতাজ বেগমের কান থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের ঝুমকা ছিনিয়ে নেয়, যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

‎আহতদের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎এ ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে মহিপুর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎মহিপুর থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন