• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পঞ্চগড়ে জমি দখল ও আদালতের রায় অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৩৩ পিএম;
পঞ্চগড়ে জমি দখল ও আদালতের রায় অমান্যের অভিযোগে সংবাদ সম্মেলন

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

 

পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকায় পৈতৃক জমি দখল, অব্যাহত হুমকি-ধামকি এবং আদালতের রায় অমান্য করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবারের সদস্যরা। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জগদল বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এরশাদ আলী। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শামীম হোসেন ও শাহীনুর ইসলাম।

 ভুক্তভোগীরা জানান, ১৬টি খতিয়ানভুক্ত দাগে মোট ৭ একর ৮৭ শতক জমির মধ্যে তাদের বৈধ হিস্যা রয়েছে ২ একর ৭ শতক। এর মধ্যে প্রায় ১ একর জমি তাদের বসতভিটা ও বাগান। অভিযোগ করা হয়, জগদল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাবশালী মহলের সহায়তায় জোরপূর্বক ৮০ শতক জমি দখল করে রেখেছে। এছাড়া তাদের দখলে থাকা অবশিষ্ট জমির ওপর নির্মিত ২৪টি দোকানঘর দখলেরও অপচেষ্টা চালানো হচ্ছে।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সাবেক সভাপতি আব্দুল আলিম এবং জগদল নুর আক্তার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একরামুল হকসহ একটি চক্র অনৈতিক সুবিধা নিয়ে এই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।

এরশাদ আলী জানান, বিতর্কিত জমি নিয়ে তারা উচ্চ আদালতের রায় পেলেও বিবাদী পক্ষ তা তোয়াক্কা করছে না। এমনকি পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেনের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ ও মাপজোখ করে তাদের অংশ বুঝিয়ে দেওয়ার পরও প্রতিপক্ষ তা মেনে নিতে অস্বীকার করছে। উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা এবং এলাকায় নানা কুৎসা রটিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে বলেন, "আমরা নিজেদের জমিতে থেকেও আজ পরবাসী। প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না।"

ভুক্তভোগী পরিবারটি অবৈধ দখলদারদের হাত থেকে নিজেদের পৈতৃক সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন