• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম;
বগুড়ায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাম-রুবেলা প্রাদুর্ভাব পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। 

সোমবার দুপুরে বগুড়ায় আনুষ্ঠানিকভাবে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল চত্বরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তিনজন শিশুকে টিকা দেওয়া হয়। বগুড়া জেলার তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশু পাবে জরুরি টিকা। 

এরআগে, সকালে হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবিলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে টিকাদান ক্যাম্পেইন  উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশে ৫ এপ্রিল প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া কর্মসূচি ১২ মে পর্যন্ত চলবে। 

বগুড়ার উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মুহিত তালুকদার এমপি, মোরশেদ মিলটন এমপি, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত ছিলেন। 

জেলা সিভিল সার্জন মো. খুরশীদ আলম জানান, বগুড়ায় শুরু হওয়া টিকাদান কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে। জেলায় মোট টিকাদান কেন্দ্র ২ হাজার ৮৮৭টি। এরমধ্যে স্থায়ী কেন্দ্র ১৪টি এবং অস্থায়ী কেন্দ্র ২ হাজার ৮৭৩টি। যেসব শিশু গত ২৮ দিনের মধ্যে এমআর টিকা গ্রহণ করেছে, তাদের এই সময় টিকা দেওয়া হবে না। নির্ধারিত কেন্দ্রগুলোতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতিত) টিকা দেওয়া হবে।

গাবতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় দুই দশক পর প্রথমবার তাঁর পৈতৃক নিবাস বাগবাড়িতে এসেছেন। জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শনের আগে হাম-রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন। ১১ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্র, স্কুল পর্যায়ে ৭০টি কেন্দ্র ও সাব ব্লকে ২৬৪ টি কেন্দ্রে গাবতলী উপজেলার ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সরকারি সফরে বগুড়ায় দিনভর ব্যস্ত সময় পার করেছেন। জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন, বগুড়াসহ সাত জেলার ই-বেইলবন্ড কার্যক্রম এবং বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন। গাবতলীর বাগবাড়িতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন। নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করে নিজের পৈতৃক নিবাস জিয়াবাড়ির আঙিনায় উপস্থিত হন। বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন