• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

বোয়ালমারীতে সম্পত্তি দখল নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বড় বোনের অভিযোগ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৩৯ পিএম;
বোয়ালমারীতে সম্পত্তি দখল নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বড় বোনের অভিযোগ

"ঈদের দিনও ঘরে উঠতে পারেনি বিধবা নারী" 

বোয়ালমারীতে সম্পত্তি দখল নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে বড় বোনের অভিযোগ

 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিধবা নারী ও তার পরিবারের ওপর হামলা, মারধর এবং বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, ঈদের দিনেও তারা নিজ বাড়িতে উঠতে পারেননি। বুধবার (০১.০৪.২৬) বেলা আড়াইটার দিকে বোয়ালমারী উপজেলার বিলাসী শপিং কমপ্লেক্সের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী সুলতানা রাজিয়া নামে ভুক্তভোগী নারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার আপন ভাই বিএনপি নেতা মো. মিজানুর রহমান, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছেন।

তিনি অভিযোগ করেন, গত ১৪ মার্চ সন্ধ্যায় ভাড়াটে লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার ছেলে সাচ্চুকে (৫০) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাদের বসতঘরে তালা ঝুলিয়ে পরিবারটিকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তারা মানবেতর জীবনযাপন করছেন।

সংবাদ সম্মেলনে সুলতানা রাজিয়া বলেন, “ঈদের দিনেও আমরা ঘরে উঠতে পারিনি। সন্তানদের নিয়ে পথে পথে থাকতে হচ্ছে। আমরা আমাদের বাবার ভিটায় শান্তিতে থাকতে চাই।”

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত প্রায় ১৭ বছর ধরে বিভিন্নভাবে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ তাদের ভয়ভীতি দেখিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।
সুবিচারের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ঘটনায় সুলতানা রাজিয়া বোয়ালমারী থানায় ১১ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মো. মিজানুর রহমান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে আমি মারধর করিনি। এলাকার লোকজন তাদেরকে মারপিট করে। দাবড়ায় অন্য বাড়িতে নিয়ে মারধর করে।  আমি ঘটনার সময় এলাকায়ও ছিলাম না। আর যে ঘরের কথা বলে সেটা আমার ঘর। আমার ঘরে আমি তালা দিয়ে রেখেছি। তাদের এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন