• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা, অন্তঃকোন্দল নাকি প্রতিশোধ?


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৬ পিএম;
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা, অন্তঃকোন্দল নাকি প্রতিশোধ?

নিউমার্কেটে প্রকাশ্যে গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটন। ২০ বছর জেল খেটে জামিনে মুক্তির ২০ মাস পর এই হত্যাকাণ্ড।

রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে হত‍্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনকে। ২০ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পাওয়ার ২০ মাসের মাথায় খুন হলেন তিনি। এ ঘটনায় নিউমার্কেট থানায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই। হত্যার নেপথ্যে অন্তঃকোন্দল নাকি প্রতিশোধ- খতিয়ে দেখছে পুলিশ।  

আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে জামিনের বের হয়ে আসে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা। তাদেরই একজন টিটন। ২০২৪ সালের আগস্টে জামিনের পর একটি গণমাধ্যমকে নাইম আহমেদ টিটন বলেছিলেন, স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। 

গতকাল মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে নিউমার্কেটের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে টিটনকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলমান।

এই হত্যাকাণ্ড ঘিরে আলোচনায় কয়েকটি প্রসঙ্গ। স‍াবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই টিপু হত‍্যার প্রতিশোধ নিতেই খুন নাকি ভগ্নিপতি আরেক শীর্ষসন্ত্রীসী ইমনের সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের? সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। 

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘হত্যায় কারা জড়িত এখনো আমরা কিছু জানতে পারি নাই। তবে তদন্ত চলছে।’

এর আগে জুলাই–আগস্ট গণঅভ্যূত্থানের পর জামিনে বেরিয়ে খুন হন আরেক শীর্ষ সন্ত্রাসী সাইফ মামুন। বিশ্লেষকররা বলছেন, পাঁচ আগস্টের পর থেকে আবারও তৎপর আন্ডার ওয়ার্ল্ডের অপরাধীরা। চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় প্রকাশ্যেই চলছে খুনোখুনি। 

২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার দুই নম্বরে ছিল নাইম আহমেদ টিটনের নাম। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন