ইকরার আত্মহত্যা : তদন্তে ডিবি, ২৪ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ
ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীসহ দুই আসামির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা থানা পুলিশ থেকে ডিবিতে স্থানান্তর হয়েছে। মামলার অপর আসামি হলেন, আলভীর মা নাসরিন সুলতানা শিউলি।
রোববার (১৭ মে) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলন, গত ১৪ মে মামলার তদন্তের দায়িত্ব পায় ডিবি পুলিশ। এদিকে আজ মামলার প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আগামী ২৪ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন রেখেছেন বলে জানান তিনি।
এর আগে গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় ওইদিন রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: