• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. রাজনীতি

পঞ্চগড়ে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:০১ এএম;
পঞ্চগড়ে জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধানের দেওয়া বক্তব্যের প্রতিবাদে পঞ্চগড়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের বকুলতলা এলাকায় জাগপার জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে রাশেদ প্রধানকে নিজ জেলা পঞ্চগড়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার আগে এই ভাঙচুরের ঘটনা ঘটে। জাগপা নেতাদের দাবি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই হামলায় অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আল রাশেদ প্রধানের দেওয়া ‘আপত্তিকর’ বক্তব্যের প্রতিবাদে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। মিছিল শেষে বকুলতলা এলাকায় এক সংক্ষিপ্ত পথসভায় জাগপা মুখপাত্রকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরেই জাগপা কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। হামলায় কার্যালয়ের টিনের সীমানা বেড়া সম্পূর্ণ উপড়ে ফেলা হয় এবং ভেতরে থাকা চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন রাশেদ প্রধান তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও আপত্তিকর কথাবার্তা বলেছেন। রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধিতা থাকতেই পারে, কিন্তু তা শিষ্টাচারের মধ্যে হওয়া উচিত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং রাশেদ প্রধানকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছি।"

অন্যদিকে, জেলা জাগপার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব হামলার নিন্দা জানিয়ে বলেন, "আমাদের দলীয় কার্যালয়ের প্রাচীর এবং ভেতরের আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করা হয়েছে। তবে তারা আমাদের কোনো নেতাকর্মীর ওপর শারীরিক হামলা চালায়নি।"

ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন