• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ আগষ্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. খেলাধুলা

দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান মিসরের কোচ, এরপর ডিভোর্স


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০২ পিএম;
দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান মিসরের কোচ, এরপর ডিভোর্স

আবারও আলোচনায় মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। তবে এবার মাঠের কোনো ঘটনা নয়, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে খবরের শিরোনামে এসেছেন তিনি। মিসরের উত্তর উপকূলের একটি হোটেলে তার বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম ও সাবেক স্ত্রী হুবাইদার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে একপর্যায়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান হোসাম।

স্কাই নিউজ আরাবিয়ার প্রতিবেদনের বরাতে মিসরীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তর উপকূলের মারিনা রিসোর্ট এলাকার একটি হোটেলের ক্যাফেতে এ ঘটনা ঘটে। ওই সময় বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন হোসাম। এর আগে দুজন মিসরের জনপ্রিয় শিল্পী মোহামেদ রামাদানের একটি পারফরম্যান্স দেখে হোটেলে ফিরেছিলেন।

হোটেলে ফেরার পর হঠাৎ সেখানে হাজির হন হোসামের সাবেক স্ত্রী হুবাইদার সন্তানরা। তারা হোসামের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন এবং তাকে চেয়ার থেকে তুলে তাদের সঙ্গে যাওয়ার কথা বলেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডামের সঙ্গে হুবাইদা ও তার মেয়ের কথা-কাটাকাটি শুরু হয়। সেই কথা-কাটাকাটি দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। পরে বিবাদে আরও কয়েকজন জড়িয়ে পড়েন। ফলে হোটেলের ক্যাফেতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ড্যান অ্যাডামের দাবি, ওই সময় তার দিকে গরম কফি ছুড়ে মারা হয়। এরপর তাকে থাপ্পড় মারা এবং ঘুষি দেয়ার পাশাপাশি চুল টানাটানিও করা হয়। একপর্যায়ে দুই পক্ষের বিবাদের মাঝখানে পড়ে যান হোসাম। পরিস্থিতি কীভাবে সামাল দেবেন, তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। শেষ পর্যন্ত চাপ সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান মিসরের এই কোচ।

ঘটনাটি দেখতে থাকা এক ব্যক্তি পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ঘটনার পর হোসামের সাবেক স্ত্রী হুবাইদা পুলিশ স্টেশনে গিয়ে একটি প্রতিবেদন জমা দেন। তবে পরে তিনি স্বেচ্ছায় সব অভিযোগ প্রত্যাহার করে নেন।

এদিকে ঘটনার বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হোসামের বর্তমান স্ত্রী ড্যান অ্যাডাম। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ওই সময় তার সঙ্গে কী ঘটেছিল, তা তুলে ধরেন।

এর আগে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছিলেন হোসাম হাসান। ম্যাচে মিসর হেরে যাওয়ার পর তিনি ফিফারও সমালোচনা করেছিলেন। সেই ঘটনার প্রায় দেড় মাস পর এবার পারিবারিক বিবাদের কারণে আবারও আলোচনায় এলেন মিসরের এই কোচ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন