• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ আগষ্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. খেলাধুলা

নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৫৫ পিএম;
নতুন নিয়মের ফাঁদে প্রথম শাস্তি পেলেন নেইমার

সময় অপচয় এড়াতে ফুটবলে নতুন নিয়ম চালু হয়েছে। আর সেই নিয়মের কারণে প্রথম দিকের ভুক্তভোগীদের একজন হয়েছেন সান্তোসের অধিনায়ক নেইমার জুনিয়র। তবে নিয়ম ভাঙার কারণে নয়, বরং নিয়মের নির্ধারিত প্রক্রিয়ার কারণেই এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। বেইন স্পোর্টস

ব্রাজিলের সিরি আতে নিজেদের সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সান্তোস। ম্যাচে একটি ঘটনায় নতুন নিয়মের প্রয়োগ দেখা যায়। সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে একপর্যায়ে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। গোলরক্ষকের চিকিৎসার কারণে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষকের চিকিৎসার প্রয়োজন হলে খেলা পুনরায় শুরুর পর তার দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড়কে এক মিনিটের জন্য বাইরে পাঠানো হবে, সেটি ঠিক করার দায়িত্ব কোচের।

এ জন্য কোচকে দেয়া হয় ১০ সেকেন্ড সময়। এই সময়ের মধ্যে কোচ কোনো খেলোয়াড়ের নাম ঠিক করতে না পারলে নিয়ম অনুযায়ী দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হয়।

সান্তোসের ম্যাচেও ঠিক সেটিই ঘটেছে। গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওয়ের চিকিৎসা শেষে খেলা পুনরায় শুরুর আগে সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল, যিনি কুচা নামে পরিচিত, নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি।

ফলে নিয়মের বাধ্যবাধকতায় সান্তোসের অধিনায়ক নেইমারকেই এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়। মাঠের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দলের সবচেয়ে বড় তারকাকে।

নেইমারের মাঠ ছাড়ার পেছনে অবশ্য তার কোনো দায় ছিল না। গোলরক্ষকের চিকিৎসার পর কোচ নির্ধারিত সময়ের মধ্যে একজন খেলোয়াড়কে বেছে নিতে না পারায় অধিনায়ক হিসেবে নেইমারকে এই নিয়মের আওতায় পড়তে হয়েছে।

সময়ক্ষেপণ কমানো এবং চিকিৎসার অজুহাতে ম্যাচে অপ্রয়োজনীয় বিলম্ব ঠেকাতেই নতুন নিয়মটি চালু করা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টেও নিয়মটি নতুন করে শুরু হয়েছে। আপাতত এটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। পরবর্তী সময়ে নিয়মটির কার্যকারিতা পর্যালোচনা করে এটিকে স্থায়ীভাবে গ্রহণ করা হতে পারে।

তবে ভাস্কোর বিপক্ষে সান্তোসের ম্যাচে নিয়মটির প্রয়োগের পরও দলের জয় পেতে কোনো সমস্যা হয়নি। নেইমারের দল ম্যাচটি জিতেছে ৩-০ গোলে। আর সেই ম্যাচেই নতুন নিয়মের কারণে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকা নেইমার হয়ে গেলেন নিয়মটির প্রথম দিকের আলোচিত ভুক্তভোগীদের একজন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন