বোয়ালমারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে দলটির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে বোয়ালমারী পৌর সদরের ডাকবাংলো মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ খোন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘‘বর্তমানে বিএনপির বিরুদ্ধে একটি মহল গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্রকারীরা দেশকে অস্থিতিশীল করতে কিছুদিন আগে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল। আমাদের নেতা তারেক রহমান সংসদে সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে মোট ১০ সদস্যের কমিটি গঠনের পর থেকেই জ্বালানি তেলের সংকট কেটে গেছে।’’
তিনি আরও বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎনীতির কারণে বর্তমানে আমাদের ভুগতে হচ্ছে। বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, অচিরেই তা কাটিয়ে উঠবে সরকার। তারেক রহমান এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন।’’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ঘরে মাথা রেখে ঘুমাতে পারেননি। এখন আমরা বাক্স্বাধীনতা ফিরে পেয়েছি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের কার্যক্রম চালাতে হবে এবং দলকে সুসংগঠিত রাখতে হবে। ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।’’
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, বিএনপি নেতা আকরাম হোসেন মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীন, সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু,
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, বজলুর করিম চাঁদ, যুবদল নেতা রাসেল আহমেদ, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সম্রাট, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম বাবলু, কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, জহুরুল ইকবাল ঠাকুর পিন্টু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক বাইজিদ খান রাব্বিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মিছিল ও পথসভাকে ঘিরে পৌর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: