• ঢাকা
  • বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ভাইরাল সেই ঘটনায় গ্রেপ্তার ৩


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:০৪ এএম;
পুলিশের সামনে নারী উদ্যোক্তাকে মারধর, ভাইরাল সেই ঘটনায় গ্রেপ্তার ৩

পুনরুত্থান ডেস্ক :

 

রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১ নং ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮নং ওয়ার্ডের ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।


পুলিশ জানায়, গত সোমবার রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়।


এজাহারে অভিযোগ করা হয়, গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে জাকিয়ার প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং তাকে হুমকি দেন। এর কয়েক দিন পর গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে জাকিয়া সুলতানার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে বাজারে অবস্থান নেন এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিচার দাবি করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন নারী পুলিশ সদস্য জাকিয়া সুলতানাকে নিয়ে যাচ্ছেন। এ সময় পেছন থেকে কয়েকজন যুবক তাকে লাথি ও ঘুষি মারছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার পর সোমবার রাতে জাকিয়া সুলতানা থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন