• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ আগষ্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

উত্তরায় অস্ত্রের মুখে ২ লাখ টাকা ছিনতাই, ‘পিস্তল বাবু’র হুমকিতে আতঙ্ক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৬ পিএম;
উত্তরায় অস্ত্রের মুখে ২ লাখ টাকা ছিনতাই, ‘পিস্তল বাবু’র হুমকিতে আতঙ্ক

রাজধানীর উত্তরায় অস্ত্রের মুখে একটি ডেভেলপারস কোম্পানির সহকারী হিসাবরক্ষকের কাছ থেকে ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নূর নাফি ডেভেলপারস লিমিটেডের সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন। তিনি অফিস থেকে রিকশাযোগে উত্তরা ৬ নম্বর সেক্টরের জনতা ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি রিকশা থামানোর সংকেত দেন। রিকশা থামার পর আরও তিনজন সেখানে আসে। পরে তাদের একজন নাদিমের দিকে পিস্তল তাক করে নিজেকে ‘পিস্তল বাবু’ বলে পরিচয় দেন। একপর্যায়ে তার কাছে থাকা ২ লাখ ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চারজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ডেভেলপারস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন জানান, রাজউকের ফি জমা দেওয়ার জন্য ওই টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সুজন ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর ওই এলাকায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পক্ষ।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন