ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ ২ জন নিহত
মোটরসাইকেল কিনে দেওয়াই বাবা-মায়ের কাল হলো
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালকসহ ২ জন নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ছেলের বায়না পূরণ করতে নতুন মোটরসাইকেল কিনে দেওয়াই যেন বাবা-মায়ের জন্য কাল হয়ে দাঁড়াল। মাত্র তিন দিন আগে নতুন মোটরসাইকেল পেয়েছিলেন রাতুল শেখ। সেই মোটরসাইকেল নিয়ে বন্ধুকে সঙ্গে করে ঘুরতে বের হয়েছিলেন তিনি। তবে আর বাড়ি ফেরা হলো না। পথে বাসের ধাক্কায় দুই বন্ধুরই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় ফরিদপুর-বরিশাল লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের রাতুল শেখ (১৭) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাতুল ও রাজু একটি মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকা থেকে ফরিদপুরের দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে এবং চালক ও আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই দুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির দায়িত্বে) পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বাসটির নম্বর জানা যায়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: