• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে তেল নেই, বন্ধ পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৩ পিএম;
ফরিদপুরে তেল নেই, বন্ধ পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

তেল নেই, পাম্প বন্ধ। বন্ধ পেট্রোল পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি তেল। 

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে অবস্থিত দুটি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ জ্বালানি মজুদের তথ্য পাওয়া গেছে। অভিযোগ ছিল, মজুদ থাকা সত্ত্বেও ভোক্তাদের কাছে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২৯২৬) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব রহমান আকাশ। অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম।
অভিযানকালে কানাইপুর বাজারের হোসেন ফিলিং স্টেশনে পাম্পটি বন্ধ পাওয়া যায়। বন্ধ এই পাম্পে অভিযান চালিয়ে দেখা যায়, ৭ হাজার লিটার পেট্রোল, ৬ হাজার ৫০০ লিটার অকটেন এবং ১৪ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ থাকা সত্ত্বেও তা ভোক্তাদের কাছে সরবরাহ করা হচ্ছে না। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাম্পের ম্যানেজার সাবির চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পাম্পটি তাৎক্ষণিকভাবে চালু করে বাস, ট্রাক, কৃষক, প্রাইভেট কার ও মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। এ সময় পাম্প কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

অপরদিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত রয়েল ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে দেখা যায়, সেখানে কেবল ডিজেল বিক্রি করা হচ্ছে; পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখা হয়েছে। মজুদ যাচাই করে দেখা যায়, পাম্পটিতে ৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ৩ হাজার ৪০০ লিটার অকটেন এবং ১৯ হাজার লিটার ডিজেল রয়েছে। পাম্পের মালিক ও ম্যানেজার মেশিনের ত্রুটির কথা উল্লেখ করে ক্ষমা প্রার্থনা করলে তাৎক্ষণিকভাবে পেট্রোল ও অকটেন সরবরাহ লাইন চালু করার নির্দেশ দেওয়া হয়। এ ঘটনায় কোনো জরিমানা বা কারাদণ্ড করা হয়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি বা ভোক্তাদের সেবা বন্ধ রাখার অভিযোগ পেলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন