বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
হাফিজ খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার চলাভাংগা এলাকায় বিষখালী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে ‘পিওর’ নামের একটি ইটভাটায় নেওয়ার অভিযোগ উঠেছে।
ইটভাটাটির মালিক মোহাম্মদ আবু ছালেহ হাওলাদার। তিনি উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব। এ ঘটনায় নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। স্থানীয় সূত্রে জানা গেছে, চলাভাংগা এলাকায় বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে তা ইটভাটায় নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে মাটি উত্তোলনের অনুমতি রয়েছে কি না, কী পরিমাণ মাটি উত্তোলন করা হয়েছে এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, নদী থেকে অপরিকল্পিতভাবে মাটি উত্তোলন করা হলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন পরিবর্তন, তীরভাঙনের ঝুঁকি বৃদ্ধি এবং পরিবেশ ও মৎস্যসম্পদের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। তাঁরা বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন প্রয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় না নিয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
মাটি উত্তোলনের বৈধতা যাচাই করে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। স্থানীয়দের প্রত্যাশা, বিষখালী নদীর পরিবেশ ও সম্পদ রক্ষায় প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বিষখালী থেকে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার বিষয়ে জানতে ইটভাটাটির মালিক মোহাম্মদ আবু ছালেহ হাওলাদারের কাছে জানতে চাইলে তার ব্যবহারিত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে বরগুনা জেলার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানলাম। নদী থেকে মাটি কেটে নিজস্ব ইটভাটায় ব্যবহার করার কোন সুযোগ নেই।যদি কেউ এরকম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, বিষখালী নদীর পরিবেশ ও সম্পদ রক্ষায় প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: