ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষে হেলপারসহ গুরুতর আহত ৩
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া বাসস্ট্যান্ডের প্রায় ১০০ গজ পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বিএফএম পরিবহনের হেলপার মো. আরিফ (২৪), পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা; যাত্রী রেজাউল করিম (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী এলাকার বাসিন্দা এবং ফাহিমা (৩০), বরিশাল কোতোয়ালি থানার শালুকা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা বিএফএম পরিবহনের একটি বাস পুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী নামাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা এফএম পরিবহনের আরেকটি বাস পেছন থেকে বিএফএম পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের হেলপার আরিফসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের ভর্তি করা হয়। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দুর্ঘটনাকবলিত বাস দুটি নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: