• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

মেট্রো স্টেশনের ছাদে লেগে ভেঙে গেল নববর্ষের মোটিফ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৩৩ পিএম;
মেট্রো স্টেশনের ছাদে লেগে ভেঙে গেল নববর্ষের মোটিফ

নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। তবে আনন্দঘন এই আয়োজনে ছন্দপতন ঘটে যখন শোভাযাত্রার বৃহদাকার তিনটি মোটিফ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলস্টেশনের নিচে আটকে যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চারুকলা অনুষদ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলস্টেশন এলাকা পার হওয়ার সময় এই বিপত্তি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এবারের শোভাযাত্রার প্রধান আকর্ষণ হিসেবে থাকা পাঁচটি বড় মোটিফের মধ্যে হাতি ও ঘোড়া স্টেশনের নিচ দিয়ে নির্বিঘ্নে পার হতে পারলেও বাকি তিনটি মোটিফের উচ্চতা বেশি হওয়ায় সেগুলো স্টেশনের ছাদে আটকে যায়।

আটকে যাওয়া মোটিফগুলোর মধ্যে ছিল লাল ঝুঁটি মোরগ, দোতারা ও আরেকটি সুসজ্জিত ঘোড়া। এ সময় টেনে বের করতে গিয়ে লাল ঝুঁটি মোরগের ওপরের একটি ছোট অংশ স্টেশনের স্থাপনার সঙ্গে ধাক্কা লেগে ভেঙে যায়। এমন পরিস্থিতিতে শোভাযাত্রাটি সাময়িকভাবে থমকে দাঁড়ায়।

পরে শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবং প্রকৌশলগত বুদ্ধিতে স্টেশনের মূল উচ্চতা এড়িয়ে রাস্তার ঢালু অংশ দিয়ে মোটিফগুলো পার করা হয়। এ ঘটনার পর শোভাযাত্রার বাকি পথটুকু অত্যন্ত সতর্কতার সঙ্গে অতিক্রম করতে দেখা যায়।

চারুকলা অনুষদের শিক্ষার্থীরা জানান, মেট্রো রেল চালু হওয়ার পর থেকে শোভাযাত্রার বড় স্ট্রাকচারগুলো চলাচলের ক্ষেত্রে উচ্চতার বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মোরগের ঝুঁটি ভেঙে যাওয়ার বিষয়টি দুঃখজনক হলেও তারা দ্রুত বিকল্প পথে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হন।

তা সত্ত্বেও অগণিত মানুষের অংশগ্রহণে এবং ‘গণতন্ত্রের পুনরুত্থান’-এর আহ্বানে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ছিল উৎসবে মাতোয়ারা। এ ঘটনার পর শোভাযাত্রাটি টিএসসি হয়ে দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন