মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন : সংস্কৃতি মন্ত্রী
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। বলেছেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সামগ্রিকভাবে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদী গ্রামে শ্মশান কালী মন্দিরের বার্ষিক পূজা-অর্চনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী সার্কেল) আজম খান, বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রমুখ।
মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, ঘুষ ও দুর্নীতির মতো অপরাধ কোনোভাবেই সহ্য করা হবে না। একইসঙ্গে মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে দেশের যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। খান জাহান আলীর মাজার, মহাস্থানগড়সহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও পুনরুদ্ধারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি যাত্রাপালা, কবিগান, ভাওয়াইয়া, মুর্শিদি ও মারফতি গানসহ গ্রামীণ লোকজ সংস্কৃতি পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক ও সৌন্দর্যমণ্ডিত দিক। যার যে রাজনৈতিক আদর্শ রয়েছে, সে অনুযায়ী মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করবে, এটাই গণতন্ত্রের মূল কথা। তবে মতভেদের কারণে সমাজে বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। বিভাজন পরিহার করে জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। মসজিদ, মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- মাদক* নির্মূলে,কঠোর
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: