• ঢাকা
  • সোমবার, ৩১ আগষ্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

ফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা; যাবজ্জীবন কারাদণ্ড 


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫১ পিএম;
ফরিদপুরে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যা; যাবজ্জীবন কারাদণ্ড 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে স্ত্রী হাসিনা বেগম (৩০) হত্যা মামলায় স্বামী ফরহাদ মোল্লাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) দুপুর ১টায় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ফরহাদ মোল্লা যৌতুকের জন্য স্ত্রী হাসিনা বেগমকে প্রায়ই চাপ দিতেন। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে কোনো এক সময় হাসিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসিনার বাবা মছলেম খলিফা মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামের বাড়িতে মেয়ের মরদেহ দেখতে পান। পরে তিনি বাদী হয়ে ফরহাদ মোল্লাসহ পাঁচজনকে আসামি করে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৩ মার্চ নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আদালতের ঘোষিত রায়ে তারা সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে ভবিষ্যতে সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলে আশা করেন তিনি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন