মহম্মদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন
এস এম আজগার মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি :
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে 'হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আবু আহসান এবং কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সাময়িকভাবে বন্ধ থাকার পর শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে পুনরায় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি চালু করা হয়েছে। মহম্মদপুর উপজেলার মোট ২৩,৭৮৮ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু এই টিকা পাবে। আগামী মে মাস পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী ইপিআই (EPI) কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা থেকে শিশুকে বাঁচাতে টিকার কোনো বিকল্প নেই। তাই নির্ধারিত সময়ের মধ্যে আপনার নিকটস্থ কেন্দ্রে শিশুকে নিয়ে গিয়ে এক ডোজ টিকা নিশ্চিত করার জন্য সকল অভিভাবকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: