• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

নওগাঁয় ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড ও টাকা আত্মসাতের অভিযোগে নারী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫১ পিএম;
নওগাঁয় ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড ও টাকা আত্মসাতের অভিযোগে নারী আটক

মো. নাফিউর রহমান, নওগাঁ (মহাদেবপুর) প্রতিনিধি:

 

নওগাঁর মহাদেবপুরে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার এবং আরও ১০ জনকে কার্ড করে দেওয়ার আশ্বাসে প্রায় ৭৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জনি আক্তার জুঁই (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীদের পৃথক লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলার ভীমপুর উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জনি আক্তার জুঁই ওই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জনি আক্তার জুঁই প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভীমপুর গ্রামের ১৩ জনের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ৭৮ হাজার ৮০০ টাকা নেন। পরবর্তীতে তাদের মধ্যে মাত্র তিনজনকে ভুয়া প্রতিবন্ধী ভাতার কার্ড ধরিয়ে দেওয়া হয় এবং বাকিদের খুব শীঘ্রই কার্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। 
কার্ড দিতে ব্যর্থ হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

ভুক্তভোগীরা জানান, গত ১৬ আগস্ট ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কথা বলে তাদের ডেকে নেওয়া হলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান জুঁই। এরপর গত ২০ আগস্ট দুপুরে ভুক্তভোগীরা তার বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। এ সময় টাকা ফেরতের জন্য চাপ সৃষ্টি করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দিয়ে উল্টো তাদের নানা ধরনের হুমকি-ধমকি দেন।
পরে উপায় না পেয়ে ভুক্তভোগী তহমিনা ও রেনুকা বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মহাদেবপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা এজাহার দাখিল করছেন, যার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন