ফরিদপুরে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৭
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরো ১৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৃত শিশুরা হলো, মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর এলাকার সেলিমের মেয়ে সাবিহা (৭ মাস) এবং রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিমের মেয়ে আয়াতুল্লাহ (৬ মাস)।
তারা হামের উপসর্গ নিয়ে তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সাবিহা বুধবার দিবাগত রাত ৯টার দিকে এবং আয়াতুল্লাহ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মারা যায়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৮৫ জন শিশু।
এর মধ্যে ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ ছাড়া এ পর্যন্ত হামের উপসর্গে জেলায় ৩ শিশুর মৃত্যু হলো।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, শিশু দুজন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ফলাফল আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হতে হবে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
- বিষয়:
- ফরিদপুরে* হামের,উপসর্গে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: