• ঢাকা
  • মঙ্গলবার, ১১ আগষ্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

বিশেষ অনুসন্ধান: ৭ বছর একই পদে ডা. রাশেদুল, মনোহরদীতে বদলি নীতিমালা নিয়ে প্রশ্ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম;
বিশেষ অনুসন্ধান: ৭ বছর একই পদে ডা. রাশেদুল, মনোহরদীতে বদলি নীতিমালা নিয়ে প্রশ্ন

নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) পদে দীর্ঘ ৭ বছর ধরে বহাল রয়েছেন ডা. মোঃ রাশেদুল হাসান মাহমুদ। ২০১৯ সাল থেকে একই পদে তার টানা অবস্থান নিয়ে স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে—সরকারি বদলি ও পদায়ন নীতিমালা অনুযায়ী তার এই দীর্ঘ কর্মকাল পর্যালোচনা করা হয়েছে কি না।

সাধারণ সরকারি চাকরি বিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা সাধারণত একই কর্মস্থলে ৩ বছরের বেশি অবস্থান করেন না। তবে কোনো বিশেষ প্রশাসনিক আদেশের শক্তিতে তিনি এত দীর্ঘ সময় এই পদে বহাল আছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
ঘটনার সত্যতা স্বীকার ও পুরোনো তথ্যেও উপস্থিতি

এ প্রতিবেদকের পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ডা. মোঃ রাশেদুল হাসান মাহমুদ নিজেই নিশ্চিত করেন যে, তিনি ২০১৯ সাল থেকেই মনোহরদীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১৩ সালেও তিনি এই একই হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত ছিলেন বলে তথ্যের সত্যতা স্বীকার করেন।

যদিও আরএমও এবং ইউএইচএন্ডএফপিও দুটি পৃথক পদ, তবুও একই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কাঠামোতে একজন কর্মকর্তার বহু বছর টানা অবস্থান প্রশাসনিক ভারসাম্য ও স্বচ্ছতার দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত—তা নিয়ে প্রশ্ন উঠছে।
বদলি নীতিমালা ও প্রশাসনিক প্রশ্ন

স্বাস্থ্য বিভাগের প্রশাসনিক পদে নিয়মিত রোটেশন বা বদলি নিশ্চিত করার নিয়ম থাকলেও মনোহরদীতে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। একই স্থানে দীর্ঘ সাত বছর বহাল থাকার পেছনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন বিশেষ অনুমোদন বা ছাড়পত্র রয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

জবাবদিহির স্বার্থে যে ৫ প্রশ্ন
১. ডা. রাশেদুল হাসান মাহমুদ ঠিক কোন তারিখে ইউএইচএন্ডএফপিও হিসেবে মনোহরদীতে যোগদান করেছিলেন?
২. ২০১৯ সাল থেকে বর্তমান পর্যন্ত তার অনুকূলে নতুন কোনো বদলি বা পদায়নের আদেশ হয়েছিল কি না?
৩. টানা ৭ বছর একই স্থানে অবস্থানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত কোনো বিশেষ অনুমোদন রয়েছে কি না?
৪. বর্তমানে কার্যকর নীতিমালায় ইউএইচএন্ডএফপিও পদের সাধারণ কর্মকাল কত বছর?
৫. স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে এই দীর্ঘ অবস্থানের ওপর কোনো প্রশাসনিক পর্যালোচনা করা হয়েছে কি না?

প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং উপজেলা স্বাস্থ্যসেবার সার্বিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের জরুরি পর্যালোচনা দাবি করেছেন স্থানীয়রা।

 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন