• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ, গ্রেপ্তার ২


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:২৯ পিএম;
পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ, গ্রেপ্তার ২

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর বাউফলে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ছিনতাইয়ের ঘটনা সাজানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগকারী মো. মিজান (৩৫) ও অভিযুক্ত সাইমুনকে (৩২) গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মূলত ইয়াবা সংক্রান্ত বিরোধের ঘটনা ধামাচাপা দিতেই ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছিল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়।

বাউফল থানা সূত্রে জানা যায়, সাইমুনের বিরুদ্ধে থানায় ছিনতাইয়ের একটি অভিযোগ করেন মিজান। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ সাইমুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার আসল রহস্য বেরিয়ে আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি মিজান ১০০ পিস ইয়াবা কিনে আনেন। এর মধ্যে ৫০ পিস এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার পর বাকি ৫০ পিস নিয়ে যাওয়ার সময় কয়েকজন মিলে তাকে গতিরোধ করে ইয়াবাগুলো ছিনিয়ে নেয় এবং পরে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। ওই ভাগ থেকে সাইমুন ছয় পিস ইয়াবা পান বলে পুলিশকে জানান। পরবর্তীতে তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

তদন্তে আরও জানা যায়, স্বর্ণ বন্ধক রেখে টাকা সংগ্রহ করে ইয়াবা কেনার সঙ্গে জড়িত ছিলেন মিজান। ইয়াবা ছিনিয়ে নেওয়ার জেরে তৈরি হওয়া বিরোধকে আড়াল করতেই পরবর্তীতে এটিকে পরিকল্পিতভাবে ‘ছিনতাইয়ের ঘটনা’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিজান ও সাইমুনসহ জড়িতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর পুলিশি তদন্তে ইয়াবা নিয়ে দ্বন্দ্বের মূল বিষয়টি উন্মোচিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছেন, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন