কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আরও হতাহতের শঙ্কা
কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাস উল্টে খাদে পড়ে যায়। এ ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থানাধীন শিমুলিয়া এলাকার শিয়ালডাঙ্গি দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশত যাত্রী নিয়ে তানহা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৩-০০৯৩) রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের (বগুড়া ড ১১-২৭০৩) সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ২৫০ শয্যার জেরনারেল হাসপাতালে পাঠালে এক নারী পথেই মারা যান। নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।
তারা হলেন, দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়ার রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৫) ও খোকসা উপজেলার কমলাপুর গ্রামের জুনায়েদ আহাম্মেদ এর ছেলে নাবিল (২৮)। অপর দুই নিহত পুরুষের পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়া অভিমুখে আসছিল। খোকসা শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় বাস উল্টে খাদে পড়ে যায়। এই ঘটনায় এক নারীসহ মোট চারজন মারা যান।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনের মৃতদেহ রাখা আছে। এ ছাড়া, আহত ২০ জনকে চিকিৎসার জন্য আনা হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ইকবাল হোসান বলেন, আশঙ্কাজনক অবস্থায় আনা ছয়জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। বাকি তিনজন পুরুষ ও এক নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: