• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:২৩ পিএম;
ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানায় হওয়া দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে দেলোয়ার হোসেন হত্যা মামলায় আফজাল নাছেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন।

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে সন্দিগ্ধ আসামি আফজাল নাছের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত তথ্যপ্রমাণ পাওয়া গেছে।

মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি আফজাল নাছেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড একান্ত প্রয়োজন। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিলসহ জামিন চান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৪ সালের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

 

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন