সকাল ৯টায় শুরু হবে নববর্ষের আনন্দ শোভাযাত্রা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে এবার আনন্দ শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চারুকলা অনুষদ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর ও বাংলা একাডেমি ঘুরে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
সভায় জানানো হয়, নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের নববর্ষের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।
শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। পহেলা বৈশাখে ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরে প্রবেশ এবং ব্যাগ বহন করা যাবে না।
তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে। এছাড়া ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
নববর্ষের দিন বিকেল ৫টার মধ্যে সব কার্যক্রম শেষ করতে হবে এবং এরপর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। যানবাহন চলাচল, বিশেষ করে মোটরসাইকেল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
সভায় আরো জানানো হয়, নববর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশাকে আহ্বায়ক এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।
নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসজুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিংয়ের জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম ও অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপনের কথাও জানানো হয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- সকাল* ৯টায়,শুরু
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: