• ঢাকা
  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

নতুন সময়ে অফিস ও ব্যাংক লেনদেন, আসছে অনলাইন ক্লাসের নির্দেশনা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:৪১ পিএম;
নতুন সময়ে অফিস ও ব্যাংক লেনদেন, আসছে অনলাইন ক্লাসের নির্দেশনা

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানোসহ নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন এ সময়সূচি অনুযায়ী রবিবার (৫ এপ্রিল) থেকে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।

শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে। এছাড়া শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এবং জরুরি পরিষেবা এ সময়সূচির বাইরে থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

এদিকে, বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে অনলাইন ও সশরীরে ক্লাসের বিষয়ে রবিবার (৫ এপ্রিল) নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে।

পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় আগামী রবিবার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।’

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়া। যার মধ্যে জোড়-বিজোড় মিলিয়ে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদানের প্রস্তাব বিবেচনায় রয়েছে।

অর্থাৎ এক দিন অনলাইনে ক্লাস হলে পরদিন সশরীর ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

অনলাইনে ক্লাস হলেও শিক্ষকেরা সশরীর উপস্থিত থেকে পাঠদান করবেন। ব্যবহারিক ক্লাস হবে সশরীর।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন