• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. অপরাধ

শ্রীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষ,নারীসহ আহত ২


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৪৮ পিএম;
শ্রীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষ,নারীসহ আহত ২

মোঃ রাশিদুল ইসলাম, মাগুরাঃ 

মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত দুইজন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়নের চাকদাহ (নতুন পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ইয়াকুব গ্রুপ ও টিটু বিশ্বাস গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকেলে ইয়াকুব গ্রুপের কয়েকজন সদস্য টিটু বিশ্বাস গ্রুপের সমর্থক আতিয়ারকে মারধর করে। বিষয়টি মীমাংসার লক্ষ্যে শনিবার সকালে স্থানীয় লাঙ্গলবাঁধ বারোয়ারী মন্দিরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। এরপর বিকেলে মাঠে কাজ করার সময় দুই পক্ষের সদস্যদের মধ্যে আবারও বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ইয়াকুব গ্রুপের বেশ কয়েকজন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুপচাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় রুপচাঁদ বাড়িতে না থাকায় তার স্ত্রী চন্দনা (৩৫) ও ছেলে লোকমান (১২)-কে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে প্রতিপক্ষের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় চন্দনা ও লোকমানকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনও বিরাজ করছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষ, ভাঙচুর বা লুটপাটের আশঙ্কা রয়েছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলেও জানা এলাকাবাসী।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন