• ঢাকা
  • সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বগুড়ায় জনগণের টাকা মেরে উধাও প্যানেল চেয়ারম্যান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০১ পিএম;
বগুড়ায় জনগণের টাকা মেরে উধাও প্যানেল চেয়ারম্যান

বগুড়ার নন্দীগ্রামে তিনমাস ইউপি চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ লাখ টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বাসা-বাড়ির বার্ষিক ট্যাক্স (ইউপি কর) প্রায় ৬ লাখ টাকা এবং স্যানিটেশন প্রকল্পের সুবিধাভোগীর জমা দেওয়া সরকারের ৫ লাখ ৭৫ হাজার টাকা পকেটে তুলেছেন। অভিযুক্ত শামছুর রহমান উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে প্রশাসনিক কর্মকর্তার কাছে টাকা জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। 

গত রোববার স্বপদে ফেরা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন দায়িত্ব বুঝে নেওয়ার পর পরিষদের প্রথম সভায় বিষয়টি প্রকাশ্য হয়। অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান পরিষদের বৈঠকে অনুপস্থিত ছিলেন। তিনি ইউপি কর, স্যানিটেশন, সরকারি চাল বিতরণে অনিয়ম ও বিচারের টাকা জিম্মায় নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ করেন ইউপি সদস্যরা। চেয়ারম্যানের অবর্তমানে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়ে মাত্র তিনমাসের ব্যবধানে লাখ লাখ লুটে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

ইউপি সদস্য আব্দুল হালিম, মুকুল হোসেন, আক্কাস আলী, ফজলুর রহমান, বেদেনা বেগম, পুতুল রানী ও বিলকিস জাহান জানান, জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় ল্যাট্রিন নির্মাণের জন্য সুবিধাভোগীরা সরকারি নিয়মে ৫ হাজার টাকা করে জমা দিয়েছেন। প্রত্যেক ইউপি সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ডের ৬ জন করে সুবিধাভোগীর নাম সুপারিশ করে। আমরা জনগণের কাছ থেকে টাকা এনে তাকে দিয়েছি। প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান টাকা গ্রহণ করেও জমা দেননি। বিষয়টি জানতে পেরে আমরা শঙ্কিত। 

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. আনোয়ার হোসেন জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণের জন্য একটি চিঠি দেয়। এই কাজে সরকার ভর্তুকি দেবে এবং গ্রাহকরা প্রকল্পের নিয়মে ৫ হাজার টাকা জমা দিবেন। সে অনুয়ায়ী প্রত্যেক ইউপি সদস্যদের মাঝে ৬/৭টি করে বরাদ্দ দেন প্যানেল চেয়ারম্যান। তাকে টাকা জমা দেওয়া হলেও এখনো জমা হয়নি। 

এ ব্যাপারে মন্তব্য করতে চাননি ইউনিয়ন পরিষদের অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান শামছুর রহমান। তিনি বলেন, আমাকে খুঁজবেন কেন, একমাস অপেক্ষা করেন। তখন কথা বলব। 

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, স্যানিটেশন প্রকল্পে নাম তালিকাভুক্তির জন্য জমা দেওয়া টাকা ও ইউপি কর উত্তোলন করে নিজের পকেটে রাখা কতটা যৌক্তিক। আমি স্বপদে ফিরে প্রথম সভায় বিষয়টি নজরে এলে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যানকে নোটিশ দেওয়া হয়েছে। 

এ প্রসঙ্গে বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, জাতীয় স্যানিটেশন প্রকল্পের আওতায় টুইনপিট ল্যাট্রিন নির্মাণ কাজ শুরু হবে শিগগিরই। নন্দীগ্রাম উপজেলার পাঁচটি ইউনিয়নের জন্য ৫৭৫টি বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নের ১১৫ জন স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পাবেন। সরকারি নিয়মে প্রত্যেক সুবিধাভোগী চালানের মাধ্যমে ৫ হাজার টাকা জমা দিবেন। একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিজে টাকা উত্তোলন করে জমা দেননি বলে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, অনিয়ম করলে কঠোর পদক্ষেপ।

দৈনিক পুনরুত্থান / রিহাদ হোসেন, স্টাফ রিপোর্টার :

এ সম্পর্কিত আরও পড়ুন