২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন
শাড়ি নিয়ে ফেসবুকে প্রচারণা না করায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। এ সময় আদালতে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের সেই শাড়ি উপস্থাপন করা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে তানজিন তিশাকে বারবার দুই হাতের আঙুল মোচড়াতে এবং মাথা নাড়াতে দেখা যায়। একপর্যায়ে আদালতে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিশা।
আসামিপক্ষের আইনজীবী নিহার হোসেন ফারুক জামিনের পক্ষে শুনানিতে বলেন, তানজিন তিশা একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সে কারণেই আদালতে আত্মসমর্পণ করেছেন। বাদীপক্ষের ‘অ্যাপোনিয়া’ ফেসবুক পেজে শাড়িটি দেখে কিনতে আগ্রহী হন তিশা। পরে পেজ কর্তৃপক্ষ তাকে একটি শাড়ি দিয়ে সেটি প্রচারণার জন্য পেজটি মেনশন করে পোস্ট দিতে অনুরোধ করে। তিশা তাতে সম্মতি দেন এবং শাড়ি পাঠাতে বলেন।
আইনজীবী বলেন, তানজিন তিশা শাড়িটি পরে একটি ভিডিও আপলোডও করেছেন। ছবি আপলোড করার কথা থাকলেও এর মধ্যেই বাদীপক্ষ আদালতে মামলা করেন। তিনি আরও বলেন, তিশা একজন জনপ্রিয় অভিনেত্রী এবং সামনে তার একটি বড় পর্দার সিনেমা রয়েছে। তাই তাকে জামিন দেওয়া উচিত।
এ সময় বাদীপক্ষের পেজ থেকে নেওয়া সেই শাড়িটি আদালতে উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী। তিনি বলেন, ‘এই দেখেন সেই শাড়ি। আসামি শাড়ির ভাঁজও ভাঙেননি।’
এরপর বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুকুল বলেন, ‘স্যার, একটু আগে বলা হলো তানজিন তিশা শাড়ি পরে ভিডিও আপলোড করেছেন। এখন বলা হচ্ছে, শাড়ির ভাঁজ ভাঙেনি। শাড়ির ভাঁজ না ভাঙলে বা প্যাকেট থেকে না খুললে, পরে ভিডিও করলেন কীভাবে?’
এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তানজিন তিশাকে বারবার মাথা নাড়াতে দেখা যায়। দুপক্ষের আইনজীবীদের মধ্যে শাড়িটি পরা ও ব্যবহার করা নিয়ে কথা কাটাকাটিও হয়। একপর্যায়ে বিচারক বলেন, ‘এখন এই শাড়ি কী করবেন, সিদ্ধান্ত নিন।’
পরে বাদীপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুকুল বলেন, ‘এমনি এমনি মামলা হয়নি। এর আগে আসামিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করছে। ডিবি বারবার ডাকলেও তানজিন তিশা হাজির হননি। তিনি প্রতারণা করেছেন। মামলায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ করা হয়েছে। আইন সবার জন্য সমান। অভিনেত্রীদের জন্যও সমান। তাকে জেলহাজতে আটক রাখার আবেদন করছি।’
এ সময় তানজিন তিশা বারবার মাথা নাড়তে থাকেন এবং কিছু বলতে চাওয়ার চেষ্টা করেন। তবে তার আইনজীবীরা তাকে কথা বলতে নিষেধ করেন।
শুনানি শেষে বিচারক বলেন, আসামি একজন নারী, শাড়ির মূল্য তুলনামূলক কম এবং তার পেশাগত পরিচয় বিবেচনায় তাকে মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হলো।
জামিনের আদেশের পরও বিচারকের উদ্দেশে কিছু বলতে চান তানজিন তিশা। তবে তার আইনজীবী তাকে থামিয়ে বলেন, ‘জামিনের আদেশ হয়ে গেছে। দরকার নেই।’
গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন।
মামলার পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সম্প্রতি ডিবির জমা দেওয়া এই প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন।
দৈনিক পুনরুত্থান / আদালত প্রতিবেদক
- বিষয়:
- তানজিন তিশা
- আদালত
- শাড়ি
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: