পটুয়াখালীর পবিপ্রবিতে চালু হচ্ছে নতুন বিভাগ
লিটু, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগ চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
গত বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে হিউম্যান রিসোর্স (এইচআর) ক্লাব আয়োজিত ‘১০ম ব্যাচ মেজর সেমিস্টার: উৎকর্ষের পথে যাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
এইচআর ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. মমিনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি মো. আনাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম নেছা ঐশী। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মোফাস্সেরুল হক তন্ময়।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, মেজর সেমিস্টারে পদার্পণের মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট পেশাদার দক্ষতায় বিশেষায়িত হওয়ার সুযোগ পায়। হিউম্যান রিসোর্স বা ম্যানেজমেন্টকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের পাশাপাশি মানবসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে তোলার সক্ষমতা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্যতা বাড়াতে হবে। এইচআর ক্লাবকে শুধু বিজনেস স্টাডিজ ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের এতে অন্তর্ভুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে এইচআর ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দুই কৃতী শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড এবং নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং এইচআর ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: