দশমিনায় বিস্তীর্ণ মাঠজুড়ে আমন আবাদ, কৃষকের চোখেমুখে সোনালী স্বপ্নের হাতছানি
জয়ন্ত ভক্ত, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন শুধু সবুজ আরু সবুজের সমারোহ। চলতি মৌসুমে আমন ধানের ব্যাপক আবাদ হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টির কারণে কৃষকদের মুখে এখন নতুন স্বপ্নের হাসি। পরিশ্রমী এসব কৃষকের হাত ধরেই গ্রামবাংলার কৃষি খাত আরও এগিয়ে যাচ্ছে বলে মনে সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করা হচ্ছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার আধুনিক জাতের ‘ব্রি ধান-৯৫’ রোপা আমন চাষে কৃষকদের আগ্রহ লক্ষ্য করার মতো।
সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের পেশাদার কৃষক মোসলেমের সঙ্গে কথা বলে জানা যায়, বাপ-দাদার আমল থেকেই তারা কৃষিকাজ করে আসছেন। চলতি মৌসুমে আমন আবাদের শুরুতে পানির কোনো সংকট হয়নি। পর্যাপ্ত বর্ষণ হওয়ায় জমিগুলো চাষাবাদের সম্পূর্ণ উপযোগী হয়ে ওঠে, যা ফলন বৃদ্ধিতে সহায়ক হবে।
উপজেলার উত্তর বাঁশবাড়িয়া, মধ্য বাঁশবাড়িয়া, গছানি, ঢনঢনিয়া, চরহোসনাবাদ, নেহালগঞ্জ, আদমপুর, রমজপুর, বগুড়া, দশমিনা, গোলখালী, আরজবেগী, বেতাগী-সানকিপুর, জাফ্রাবাদ, মাচুয়াখালী, আলীপুর, যোতা, খলিশাখালী, চাঁদপুরা, রণগোপালদী, আউনিয়াপুর, গুলি, চরঘুনি, চরবেহরান, চরকানজালাল ও চরহাদী গ্রাম ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকায় কৃষকরা কোমর বেঁধে আমন আবাদে ব্যস্ত সময় পার করেছেন।
উপজেলার সবচেয়ে বড় ব্লক উত্তর বাঁশবাড়িয়ার সভাপতি নূর জামাল গাজী জানান, গত বছরের তুলনায় এ বছর অধিক জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এই ব্লকের অন্তত ৫০ জন কৃষক মিলে প্রায় দেড় শ একরে সফলভাবে চাষাবাদ সম্পন্ন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আশানুরূপ ফলন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, “চলতি মৌসুমে উপজেলার প্রায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কৃষকরা যাতে কাঙ্ক্ষিত ফলন পান, সেজন্য মাঠপর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। আশা করছি, এ বছরও দশমিনায় আমনের বাম্পার ফলন হবে।”
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: