• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জন রক্তাক্ত জখম; থানায় মামলা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫২ পিএম;
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর, ৪ জন রক্তাক্ত জখম; থানায় মামলা

লিটু, পটুয়াখালী প্রতিনিধি:

 

পটুয়াখালী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদারের (৭৬) বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গেলে ওই বীর মুক্তিযোদ্ধাসহ তাঁর পরিবারের চার সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

এ ঘটনায় চারজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদার নিজেই। মামলার নম্বর-৪৯, তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একই এলাকার মো. কামাল গাজী, ফারুক গাজী, মো. শামীম ও লিটনসহ একদল সন্ত্রাসী রামদা, লোহার রড, বাংলা দা ও লাঠিসোঁটা নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদারের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা ও ভাঙচুর চালান। 
এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ও তাঁর ছোট ছেলে মো. রাকিবকে মারধর করা হয়। একপর্যায়ে রামদা ও বাংলা দা দিয়ে কুপিয়ে তাঁদের গুরুতর ও রক্তাক্ত জখম করা হয়।

প্রাণরক্ষার্থে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ও তাঁর ছোট ছেলে ঘরে গিয়ে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও জোরপূর্বক প্রবেশ করে তাঁদের ওপর পুনরায় নির্যাতন চালায়। এ সময় বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধার বড় ছেলে আরিফ হোসেন টিটু এবং তাঁর স্ত্রী রোমানা আক্তার সুইটিকেও পিটিয়ে জখম করা হয়। এছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলা চলাকালে সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধার স্ত্রী পারভীন বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন, হাতে থাকা স্বর্ণের আংটি এবং দুটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী জানান, গুরুতর আহত তাঁর ছেলে রাকিব হোসেন বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মারামারির ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন