বোয়ালমারীতে ট্রেন থেকে পড়ে এক কিশোর নিহত অপর একজন গুরুতর আহত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে উপজেলার চতুল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে পাংশাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি চতুল কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা দুই কিশোর গাছের ডালের সাথে প্রচন্ড বেগে ধাক্কা খায়। ফলে ছাদ থেকে ছিটকে নীচে পড়ে গেলে ঘটনা স্থলেই এক কিশোরের মৃত্যু ঘটে। অপর কিশোরকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত কিশোরের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে জানানো হয়। আহত এবং নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে, তারা দু'জনে বন্ধু ছিলেন। স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমনে গিয়ে এই মর্মান্তিক দূর্ঘটনার স্বীকার হন। তারা দু'জনেই উপজেলার ময়না ইউনিয়নের ইচাখালী গ্রামের সন্তান। দূর্ঘটনায় নিহত জাহিদুল (১২) মিলটন শেখের ছেলে এবং গুরুতর আহত সাজেদুল (১০) কায়েম শেখের ছেলে। মর্মান্তিক এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে, ইচাখালী গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: